প্রিন্ট এর তারিখঃ May 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
আড়াইহাজারে ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে কুপিয়ে হত্যা, বিক্ষোভ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান গনি নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (২০ মে) রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিল কাউন্দার চক এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
এদিকে, ওসমান গনিকের হত্যার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (২১ মে) সকালে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। তারা কয়েকটি যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
নিহত ওসমান গনি বড় বিনারচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ও ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে রাতে ওসমান গনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই ওসমান গনির মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, হত্যায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ঘটিয়ে থাকতে পারেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট